ফাইনালে ফরহাদ একাডেমির প্রতিপক্ষ কলসিন্দুর
সেমিফাইনালে জয়ী দুই দল আগামী ৩১ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে
ঢাকা জেলা প্রতিনিধি · সাভার, ঢাকা
প্রকাশ:
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সাবিনা খাতুনের একমাত্র গোলে জয় পেয়েছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে না খেললেও সেমিফাইনালে নেমেই সাবিনা দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। আগামী ৩১ অক্টোবর বেলা দুইটায় শিরোপার লড়াইয়ে টাঙ্গাইলের এই দলটির মুখোমুখি হবে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি, যারা দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের হট ফেবারিট টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমির হয়ে মাঠে নেমেছিলেন কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মার্জিয়া ও মাতসুশিমা সুমাইয়ার মতো সাফজয়ী তারকারা। প্রতিপক্ষ রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমির বিপক্ষে শুরু থেকেই সাবিনা খাতুন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। ৭০ মিনিটের ম্যাচের ৬৫ মিনিটে মাতসুশিমা সুমাইয়ার ক্রস থেকে দারুণ হেডে সাবিনা গোল করলে দলটি জয় নিশ্চিত করে। নিজের প্রথম ম্যাচেই গোল করে সাবিনা ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবিনা খাতুন বলেন, ‘এই টুর্নামেন্ট বাংলাদেশের নারী ফুটবলের জন্য খুবই ভালো একটা উদ্যোগ এবং নতুনদের জন্য দারুণ সুযোগ। কৃষ্ণা, মাছুরাসহ অন্যরা আমাদের দলকে সেমিফাইনাল পর্যন্ত টেনে এনেছে, আজ আমি খেলেছি। সতীর্থদের জন্য এটি নিশ্চিতভাবেই অনুপ্রেরণাদায়ক। প্রতিপক্ষ সুইহলামংও খুব ভালো খেলেছে। আশা করি ফাইনাল ম্যাচটিও চমৎকার হবে।’
অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেও পরাজয় বরণ করতে হয়েছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমিকে। দলের আক্রমণভাগের দায়িত্বে থাকা উমেহ্লা মারমা ও মামনি চাকমা গোল করার একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি। উমেহ্লার একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডার গোললাইন থেকে ফিরিয়ে দেন। টুর্নামেন্টের গত ৪ ম্যাচে ৮ গোল ও ২টি হ্যাটট্রিক করা উমেহ্লা এবং ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়া মামনি চাকমার জন্য দিনটি ছিল অত্যন্ত কষ্টের।
দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে কলসিন্দুর ফুটবল একাডেমি। ম্যাচের ২২ মিনিটে মিমের গোলে খুলনা তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি। পিছিয়ে পড়া কলসিন্দুর ৪৫ মিনিটে রাইসা জাহান ও ৪৮ মিনিটে আকলিমা আক্তারের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। দলের প্রথম গোলদাতা রাইসা জাহানকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞাপন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাইসা জাহানের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার ও কলসিন্দুরের মেয়ে তহুরা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী তিন কোচ গোলাম রব্বানী, মাহবুবুর রহমান ও মাহমুদা আক্তার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক মাসুম ইকবাল। আগামী ৩১ অক্টোবর বেলা ২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।