শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাসে পারিবারিক বন্ধন জরুরি
কারওয়ান বাজারে অনুষ্ঠিত পরামর্শ সহায়তা সভায় বিশেষজ্ঞদের অভিমত
স্বাস্থ্য ডেস্ক · ঢাকা
প্রকাশ:
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ২০২৫ সালের ২ আগস্ট ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে বিনা মূল্যে মাদকবিরোধী এই সভায় ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’ বিষয়ে আলোচনা করা হয়। সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার উপস্থিত থেকে পরামর্শ দেন।
বিজ্ঞাপন
অধ্যাপক মোহিত কামাল বলেন, “শিশুসন্তানের আবেগ, অনুভূতি ও চাহিদা অনুধাবন না করার ফলে তাদের মধ্যে নানা মানসিক জটিলতা তৈরি হতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় সন্তানরা যেসব সমস্যার সম্মুখীন হয় তা নিয়ে অভিভাবকরা খোলামেলা আলোচনা করেন না, যার ফলে শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, পরিবার থেকে বিচ্ছিন্নতার কারণে শিশুদের মধ্যে ‘আইডেন্টিটি ক্রাইসিস’ বা আত্মপরিচয়ের সংকট তৈরি হয়, যা তাদের ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলে। অধ্যাপক মোহিত কামাল বলেন, “সবচেয়ে বড় ক্ষতি হলো, পরিবার থেকে দূরত্ব বাড়লে শিশুর আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয় মারাত্মকভাবে কমে যায়। আর এই আত্মবিশ্বাসের অভাব থেকেই পরবর্তীতে শিশুদের মধ্যে একধরনের বেপরোয়া ভাব বা বৈশিষ্ট্য গড়ে ওঠে।” তাই শিশুর সঠিক মানসিক বিকাশ ও আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য পরিবারে নিবিড় যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।