রাবি বন্ধুসভার উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ
মুঠোফোনের আসক্তি কমিয়ে শিশুদের সৃজনশীল কাজে আগ্রহী করতে এই আয়োজন
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা শিশুদের খেলাধুলার সামগ্রী দিয়েছে। ২৮ অক্টোবর বিকেলে রাজশাহীর বুধপাড়া এলাকার শিশুদের নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিশুদের হাতে র্যাকেট ফিডার, লুডু, ক্যারম বোর্ড, রুবিকস কিউব ও ক্লে (মডেলিং মাটি) তুলে দেন বন্ধুসভার সদস্যরা।
বিজ্ঞাপন
আয়োজকদের মতে, শিশুদের মুঠোফোন ব্যবহারের প্রবণতা কমিয়ে তাদের খেলাধুলা ও সৃজনশীল কাজে আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। সামগ্রী বিতরণের পাশাপাশি বন্ধুসভার সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান, যা তাদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত এক শিশুর রুবিকস কিউব মেলানোর দক্ষতা সবার নজর কাড়ে। শিশুটি জানায়, সে ২ মিনিট ১০ সেকেন্ডে রুবিকস কিউব মেলাতে পারে। বন্ধুসভার সদস্যদের অনুরোধে সে মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডে কিউবটি মিলিয়ে ফেলে, যা উপস্থিত সবার মধ্যে আনন্দ ও বিস্ময় সৃষ্টি করে।
বন্ধুসভার সদস্যদের ভাষ্যমতে, শিশুদের সুন্দর শৈশব গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের ছোট উদ্যোগ শিশুদের আনন্দময় শৈশব নিশ্চিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রাণী, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়েজীদ হায়দার, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান এবং বন্ধু মাসুম বিল্লাহ ও নাফিস আরাফাত।