ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার
উদ্ধার হওয়া ১ হাজার ২০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহ শহরে ইয়াবা কেনাবেচার প্রস্তুতির সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে নগরের সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ১ হাজার ২০০ ইয়াবা জব্দ করে পুলিশ, যার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩০) রয়েছেন, যিনি জেলা সদরের চর ঘাগড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। অন্যদের মধ্যে রয়েছেন ত্রিশাল উপজেলার শাকির হোসেন (২৫), ময়মনসিংহ শহরের মধ্য বাড়েরা এলাকার জাকিরুল ইসলাম (৩২), জেলা সদরের ঘাগড়া ইউনিয়নের সজীব মিয়া (২০) এবং ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকার উৎসব সিং সাগর (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে উজ্জ্বল মিয়ার বাড়ির ওই কক্ষে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে তাঁরা কোথা থেকে মাদক সংগ্রহ করতেন এবং কোথায় বিক্রি করতেন, সেই তথ্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘আমরা কমিটি গঠনের সময় প্রত্যেকের বিষয়ে যাচাই-বাছাই করেই কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলাম। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সেটি জানা ছিল না। এখনকার বাস্তবতায় যদি কেউ খারাপ কাজে যুক্ত হয়, দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কোনো খারাপ কাজকে উৎসাহিত করি না।’ তিনি আরও জানান, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে এবং মনিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।