বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী বলা নারীকে নিজ জিম্মায় জামিন দিলেন আদালত
ফেসবুক লাইভে বিএনপি সরকারকে নিয়ে মন্তব্য করার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পেলেন সাথী আক্তার।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · ভালুকা, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁকে জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।
বিজ্ঞাপন
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে। আদালতে তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। আদালত ৫০০ টাকার মুচলেকায় তাঁকে জামিন প্রদান করেন এবং বুধবার দুপুরেই তাঁকে হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয়।
গত রোববার বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হলে ওই দিন রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে সোমবার আদালতে পাঠানো হয়েছিল।