ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু
কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই শিশু।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি · তারাকান্দা, ময়মনসিংহ
প্রকাশ:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় দুই শিশু বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে আরবিয়া আক্তার (৮) ও রাবিয়া আক্তার (৬)। আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহকর্মী ফাতেমা আক্তার সকালে কাজে বের হলে তার দুই মেয়ে পেছন পেছন তালদিঘী মডেল মসজিদ পর্যন্ত যায়। সেখান থেকে মা তাদের বাড়ি ফিরে যেতে বললে তারা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফেরার সময় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৬টা ২৯ মিনিটে নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান শিশুদের চাপা দিয়ে চলে যাচ্ছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ জানান, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। তিনি বলেন, "দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।"