তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিখোঁজের পরদিন উত্তরায় বসবাসকারী তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নদ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বিজ্ঞাপন
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তাহসিফ সৌরি সপরিবার রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন এবং গত মঙ্গলবার তিনি নিখোঁজ হয়েছিলেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারের সময় ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর ছিল। তার পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, মুখে হালকা দাড়ি ছিল এবং হাতে ঘড়ি ছিল। পকেটে থাকা একটি আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।