বিজিএমইএ নির্বাচনে ভোট দিতে সব সেবা গ্রহণ বাধ্যতামূলক
দ্বৈত সদস্যপদধারী প্রতিষ্ঠানের জন্য ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ তাদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে। বুধবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক নোটিশে জানানো হয়, বিজিএমইএ থেকে সব ধরনের সেবা গ্রহণ করা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় (ইজিএম) সংঘবিধিতে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে। বিজিএমইএর স্বচ্ছতা, সুশাসন ও সব সদস্যের সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নতুন এই বিধান অনুযায়ী, বিজিএমইএর নির্বাচনে ভোট দেওয়া এবং ভোটার তালিকায় নাম থাকার জন্য নিয়মিত সব সেবা, বিশেষ করে কাঁচামাল আমদানির প্রাপ্যতা সনদ বা ইউডি গ্রহণ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের বিজিএমইএর পাশাপাশি বিকেএমইএ বা অন্য কোনো বাণিজ্য সংগঠনের সদস্যপদ রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
নোটিশে আরও বলা হয়, দ্বৈত সদস্যপদধারী উদ্যোক্তাদের আগামী ১ নভেম্বর থেকে বিজিএমইএ থেকে ইউডিসহ সব সেবা নিতে হবে। ইজিএমের সিদ্ধান্ত অনুযায়ী, যারা এই সেবা গ্রহণ করবে না, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না এবং ভোট দিতে পারবে না।
বর্তমানে বিজিএমইএর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ২০০ এবং বিকেএমইএর সদস্য সংখ্যা প্রায় ৮০০। এর মধ্যে প্রায় ১৫০টি প্রতিষ্ঠানের উভয় সংগঠনে সদস্যপদ রয়েছে এবং প্রায় ১৩৫টি প্রতিষ্ঠান বর্তমানে বিকেএমইএ থেকে ইউডি সেবা গ্রহণ করে থাকে।