বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব
মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের এই যুগ্ম পরিচালক ও তাঁর স্ত্রীর সব আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তাদের শেয়ার, সঞ্চয়পত্রসহ সব ধরনের আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিএফআইইউর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোশাররফ হোসেন ও উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম এবং লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই তথ্য তলব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মোশাররফ হোসেনের বিরুদ্ধে উচ্চপর্যায়ে অপেশাদার আচরণের একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুটি ঘটনা বর্তমানে তদন্তাধীন। গত ২৬ ফেব্রুয়ারি নতুন গভর্নর নিয়োগের দিন মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে জোরপূর্বক কিছু আদেশে সই করতে বাধ্য করার অভিযোগ রয়েছে মোশাররফ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
এছাড়া দ্বিতীয় অভিযোগটি তদবির সংক্রান্ত। আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে যেন বিএফআইইউ কোনো ব্যবস্থা না নেয়, সেজন্য এক নির্বাহী পরিচালকের কাছে তদবির নিয়ে গিয়েছিলেন মোশাররফ। ওই সময় তিনি বিএনপির এক কেন্দ্রীয় নেতার রেফারেন্স ব্যবহার করেন বলে জানা যায়, যার প্রেক্ষিতে বিএফআইইউ থেকে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়।