চীনে চাকরির প্রলোভনে পাচারের শিকার ১২ নারী উদ্ধার
উত্তরা ও ভাটারা এলাকা থেকে ভুক্তভোগীদের উদ্ধার করেছে এসআরবি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
চীনে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে আটকে রাখা হয়েছিল। এসব নারীকে পাচারের উদ্দেশ্যে একটি বাসায় বন্দি করে রাখা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি–১) একটি দল অভিযান চালিয়ে সোমবার তাদের উদ্ধার করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি।
বিজ্ঞাপন
এসআরবি জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে উদ্ধার অভিযান শুরু হয়। গত সোমবার বেলা তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, বৈধ পাসপোর্ট ও ভ্রমণের কাগজপত্র ছাড়াই এই ১২ নারীকে চীনে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। উদ্ধার হওয়া নারীদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।