আরএকে সিরামিকসের বিক্রি বাড়ায় লোকসান কমেছে
চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানির বিক্রি বেড়েছে ৪৪ কোটি টাকা
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সিরামিক খাতের শীর্ষস্থানীয় কোম্পানি আরএকে সিরামিকসের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল প্রায় ১৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আরএকে সিরামিকসের লোকসান ১৬ কোটি টাকা কমেছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় এই অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এরপর বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ৫৬০ কোটি টাকার পণ্য বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৫১৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ৪৪ কোটি টাকা বা সাড়ে ৮ শতাংশের বেশি।
চলতি বছরের প্রথম ৯ মাসে ৫৬০ কোটি টাকার বিক্রির বিপরীতে কোম্পানিটি ১৮ কোটি ২৮ লাখ টাকার বেশি পরিচালন মুনাফা করেছে। তবে ব্যাংকঋণের সুদ, সরকারি কর ও শ্রমিককল্যাণ তহবিলের খরচ মেটানোর পর চূড়ান্ত হিসাবে কোম্পানিটি লোকসানে পড়েছে। এই সময়ে ব্যাংকঋণের সুদাসল বাবদ প্রায় সাড়ে ১৯ কোটি টাকা, শ্রমিককল্যাণ তহবিলে সোয়া ১ কোটি টাকা এবং সরকারের কর বাবদ দেড় কোটি টাকা পরিশোধ করেছে আরএকে সিরামিকস।
এদিকে লোকসানের আর্থিক প্রতিবেদনের প্রভাবে বুধবার ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২০ পয়সা কমে ২৪ টাকায় লেনদেন হয়েছে।