নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের
ইসরায়েলের নেসেট নির্বাচনে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতার দাবি ডেমোক্র্যাটস চেয়ারম্যানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের নেসেট নির্বাচনের ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোড়জোড় শুরু হয়েছে। দেশটির ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়াইর গোলান দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নির্বাচনে হেরেছে। বুধবার সকালে এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করলে বিরোধী জোটের আসনসংখ্যা ৬৫-তে দাঁড়ায়, যা ৫৫ আসনের চেয়ে বেশি। তিনি বলেন, ‘নেতানিয়াহু হেরেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৬৫ সংখ্যাটি ৫৫-এর চেয়ে বড়। ইসরায়েলের গণতন্ত্র এভাবেই চলে। ব্যস।’
বিজ্ঞাপন
নির্বাচনের ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনার পর প্রাপ্ত তথ্যে দেখা যায়, নেতানিয়াহুর জোট ৫৩টি, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবির ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে। গোলান আরও বলেন, নেতানিয়াহু যদি জায়নবাদী জোট গড়তে চান, তবে তাঁর বর্তমান জোট থেকে ১৬ জন কট্টর ধর্মীয় ইহুদি দলীয় সংসদ সদস্যকে বাদ দিতে হবে। তিনি আরও লেখেন, ‘আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। আমাদের দায়িত্ব আছে। ইসরায়েলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গড়ার সুযোগও আছে। এই সরকার ইসরায়েলের সব নাগরিকের জন্য কাজ করবে।’
এদিকে জয়েন্ট লিস্টের প্রার্থী ইউসুফ জাবারিন জানিয়েছেন, নেতানিয়াহু সরকারকে সরানোর পথ তৈরিতে তাঁর দল প্রস্তুত। এক্সে তিনি লেখেন, ‘রক্তপাতের সরকার এবং আধিপত্য, বর্ণবাদ ও বর্জনের রাজনীতির বিপরীতে আমরা সম্পূর্ণ ভিন্ন বিকল্প তুলে ধরছি।’ একই সঙ্গে তিনি ইহুদি-আরব অংশীদারত্বের মাধ্যমে পরিবর্তনের ওপর জোর দেন। এছাড়া হাদাশ-তাআল জোটের আইনপ্রণেতা আহমাদ তিবি আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিরোধী জোট সরকার গঠন করতে চাইলে তাঁরা সহায়তা করতে প্রস্তুত আছেন।
ডেমোক্র্যাটস দলের আইনপ্রণেতা গিলাদ কারিভ জানিয়েছেন, ইসরায়েল এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘পুরোপুরি ডানপন্থী দলগুলোকে নিয়ে গড়া জোট বেশ কিছু আসন হারিয়েছে। একই কাঠামোয় তাদের আবার সরকার গঠনের সম্ভাবনা খুব কম।’ কারিভ আরও দাবি করেন, কয়েক লাখ ভোটের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ভোটার নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে, গত চার বছরে নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা দেশকে যে ধ্বংসাত্মক পথে নিয়ে গেছেন, সেই পথে তাঁদের আর দেশকে চালাতে দেওয়া যাবে না।’