সিঙ্গাপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
কুমিল্লা ভিক্টোরিয়ানস দল জিতেছে, পেনজুরু ইলেভেন স্টার রানার্সআপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সিঙ্গাপুরে গতকাল রোববার (২৫ অক্টোবর ২০২৬) টেরুসান রিক্রুয়েশন সেন্টারে মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক ওয়ানডারিং ডার্বিসেস।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শন হুয়াং (এমপি, সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটারি, অর্থ ও জনশক্তি মন্ত্রণালয়), হামিদ রহমতুল্লাহ আবদুল রাজাক (এমপি, ওয়েস্ট কোস্ট জুরং ওয়েস্ট জিআরসি), জ্যাকসন ল্যাম (এমপি, নি সুন জিআরসি), ফয়সাল আবদুল আজিজ (চেয়ারপারসন, কাকি বুকিত আলজুনিড জিআরসি), মুহাম্মদ হান্নান বিন হাসান (সিনিয়র ফেলো, আরএসআইএস, সিঙ্গাপুরের সাবেক ডেপুটি মুফতি), তুং ইউই ফাই (প্রধান এসিই গ্রুপ, জনশক্তি মন্ত্রণালয়), রাজ মোহাম্মদ (সভাপতি, সিঙ্গাপুর কাদায়ানাল্লুর মুসলিম লীগ), মোহাম্মদ ফারুক মোহাম্মদ ইসমাইল (পরিচালক, পিপলস অ্যাসোসিয়েশন), ক্যাপ্টেন এমদাদ হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, নাথালিন শিপিং সিঙ্গাপুর), ইকবাল মোহাম্মদ (ম্যানেজার, পার্টনারশিপ দাদাহ ইতু হারাম, সেন্ট্রাল নার্কোটিকস ব্যুরো, সিঙ্গাপুর), আরি হাফিজ (প্রধান, পার্টনারিং অ্যান্ড নেটওয়ার্ক, মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার), জনাব আবদুস সাত্তার (এসবিএম গ্রুপ), ইমাম আবদুল কাদির (আঙ্গুলিয়া মসজিদ, সিঙ্গাপুর)। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ানডারিং ডার্বিসেসের কো-ফাউন্ডার, সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত প্রিয়মুখ মুনতাসীর মান্নান চৌধুরী এবং গণমাধ্যম কর্মীরা।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পাঠকরা ই-মেইল: [email protected] এ পাঠাতে পারেন।
বিশেষ অতিথি শন হুয়াং তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং টুর্নামেন্টের বিজয়ী দল ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরস্কার উপস্থাপন করেন। বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ানস দলকে ট্রফি ও দুই হাজার সিঙ্গাপুরি ডলার প্রদান করা হয়। রানার্সআপ দল পেনজুরু ইলেভেন স্টারকে ট্রফি ও এক হাজার সিঙ্গাপুরি ডলার প্রদান করা হয়।
টুর্নামেন্টের সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ বুথ স্থাপন করা হয়। "মাদককে ‘না বলুন’" স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সৃজনশীল শিল্পকর্মের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়েছে এবং অংশগ্রহণকারীদের জন্য কুইজ আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য প্রবাসীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করে মাদকমুক্ত সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করা।
বিজ্ঞাপন
প্রবাসজীবনে একাকিত্ব, মানসিক চাপ ও হতাশা ইত্যাদি কারণে কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে, কর্মজীবন, পারিবারিক সম্পর্ক ও ভবিষ্যৎকে বিপন্ন করে। সিঙ্গাপুরে কঠোর মাদকবিরোধী আইন সম্পর্কে সচেতন থাকা এবং মাদক থেকে দূরে থাকা প্রত্যেক প্রবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সিঙ্গাপুর সরকার সব সময় মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানে রয়েছে।
মাইগ্র্যান্ট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল ইয়াং ফাইটার ক্রিকেট টিম, ফ্রেন্ড জোন ইলেভেন, পেনজুরু ইলেভেন স্টার, ইউনিটি কিং, কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট টিম, পেনজুরু ক্রিকেট টিম (পিসিটি), টিম টাইগার, ড্রিম ডমিনেটরস ক্রিকেট টিম, টেক্কা বেস্ট ইলেভেন, স্মার্ট বয়েজ ও মিস্টিক স্কোয়াড ক্রিকেট টিম।
স্পনসর হিসেবে অগ্রণী ব্যাংক মানি ট্রান্সফার প্রাঃ লিঃ, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার প্রাঃ লিঃ, প্রাইম ব্যাংক মানি ট্রান্সফার প্রাঃ লিঃ, এনইসি মানি ট্রান্সফার (নেক মানি), নাভা ইঞ্জিনিয়ারিং প্রাঃ লিঃ, দেশ ক্যাটারিং, জান্নাত ক্যাটারিং, কাচ্চি ভাই ও আমান ক্যাটারিং সহযোগিতা করেছে।
খেলায় ছন্দময় ধারাভাষ্যকারের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন আরমান ও আল আমিন। পুরো অনুষ্ঠানের মুহূর্তগুলি ক্যামেরায় ধারণ করেন শাহেদ মোহাম্মদ। উপস্থিত দর্শকদের ওয়ানডারিং ডার্বিসেসের পক্ষ থেকে খাবার ও পানি বিতরণ করা হয় এবং টেরুসান রিক্রুয়েশন সেন্টারের আন্তরিক ব্যবস্থাপনা হৃদয়ছোঁয়া ছিল।