চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর
নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন মামলার দুই আসামি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং মামলার অপর আসামি এস এম ফরহাদের সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এই দিন নির্ধারণ করেন।
বিজ্ঞাপন
আদালতে দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তাঁদের বক্তব্য শোনার পর আত্মপক্ষ সমর্থনে সাক্ষী উপস্থাপনের আবেদন করা হয়। আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটিতে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণের পর ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের প্রায় ৩০০ গজ উত্তরে রাস্তার পাশের ঝোপ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ১৬ জানুয়ারি সকাল সাতটা থেকে আটটার মধ্যে শিমুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১৮ জানুয়ারি তাঁর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং একই বছরের ২৯ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হয়।