প্রতিমন্ত্রীর নির্দেশ, সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিল
ঢাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে ২০টি টিম
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ অথবা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট। তিনি স্বচক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও চরম অবহেলার চিত্র পাওয়া গেছে।’
পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠে কাজ করছেন। যেখানে অনিয়ম ও লার্ভা পাবেন, সেখানেই আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা করবেন। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে না পারলে তাঁদের সরকারি বাসায় থাকার কোনো যোগ্যতা নেই।’ তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কোনো আপস না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সভায় হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রমের কথা তুলে ধরা হয়। এছাড়া ঢাকা উত্তর সিটির ২৯টি এবং দক্ষিণ সিটির ২৬টি খালে পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও জাল বসানোর কাজ চলমান রয়েছে। প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরি ঠেকাতে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে স্থাপন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট ২০টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।