সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে: আইজিপি
পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’
বিজ্ঞাপন
পুলিশের দায়িত্ব পালন ও বলপ্রয়োগ নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে আইজিপি বলেন, পুলিশ লাঠিপেটা করলে এক পক্ষ তাদের ফ্যাসিস্ট বলে, আবার পুলিশ নীরব থাকলে অন্য পক্ষ দুর্বল বলে অভিযোগ তোলে। এ অবস্থায় দায়িত্ব পালনের জন্য পুলিশকে উপযুক্ত পরিবেশ দিতে হবে এবং সক্ষমতা নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
আইজিপি আরও বলেন, ‘কে আসবে, আপা কবে আসবে—ওইটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব, আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেইটাই আমরা করব।’ তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে পুলিশ যখন রাস্তায় ডিউটি করতে ভয় পেত, সেখান থেকে উত্তরণে পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি। তিনি আরও দাবি করেন, ‘আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করি নাই। কোনো আনওয়ান্টেড ফোর্স অ্যাপ্লাই করি নাই।’ সুখে-শান্তিতে বসবাসের জন্য পুলিশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা উচিত নয়।