সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত নিয়োগে আলোচনা চলছে (ববি হাজ্জাজ)
পুরান ঢাকার দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ কথা জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদ বর্তমানে খালি রয়েছে। এই শূন্যপদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিজ্ঞাপন
সোমবার পুরান ঢাকার কোতোয়ালি এলাকার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, "দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও নেতৃত্ব আরও কার্যকর হবে।"
তিনি আরও জানান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকারের বিবেচনায় আছে। এক্ষেত্রে বিদ্যমান নিয়োগবিধি এবং পিএসসির প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাও নতুন করে তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।