ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবেও নিয়োগ পেয়েছেন ১৫তম বিসিএস কর ক্যাডারের এই কর্মকর্তা।
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এখন থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভারপ্রাপ্ত সচিব থেকে তাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় আহসান হাবিবকে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। চার মাস আগে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা এখন থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অবসরে যাওয়ার আগে তাঁকে নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করতে হবে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৯ জুন এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন আহসান হাবিব। সেই সময় তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ পাওয়ার ইতিহাস তৈরি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আহসান হাবিব ১৫তম বিসিএস কর ক্যাডারের কর্মকর্তা।