প্রবাসীকল্যাণমন্ত্রী বলছেন, আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদি প্রবেশের সুযোগ পাবেন
ফ্লাইট বিপর্যয়ে আটকা পড়া কর্মীদের বিষয়ে জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
ফ্লাইট বিপর্যয়ের কারণে বাংলাদেশে আটকা পড়া যেসব সৌদি প্রবাসীর আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। সোমবার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলে কর্মীরা যখন সৌদিতে যেতে পারবেন, তখন দেশটির সিস্টেমে তাদের তথ্য স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তারা প্রবেশের অনুমতি পাবেন।
বিজ্ঞাপন
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে ফ্লাইট চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ছুটি শেষে নির্ধারিত সময়ে ফিরতে না পারায় অনেক প্রবাসী কর্মীর আকামার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলো সম্মিলিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ৩ লাখ টাকায় যেখানে যাওয়া সম্ভব, সেখানে ৭-৮ লাখ টাকা নেওয়া অনুচিত। অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও জানান, কর্মীদের বিদেশ গমনের প্রক্রিয়া সহজ ও ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের জন্য বিএমইটিতে আধুনিক প্রযুক্তি চালুর কাজ চলছে। এছাড়া অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ই-মেইল সেবা চালু ও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবে কারাবন্দী বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া অনুষ্ঠানে বলেন, সৌদি আরবে নিজ নাগরিকদের পর সবচেয়ে বেশি বাস করেন বাংলাদেশের কর্মীরা। অনুষ্ঠানে রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা তাকামুল পরীক্ষা সহজীকরণ, ফি কমানো এবং বিএমইটির জটিলতা নিরসনের দাবি জানান। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় এনামুল হক চৌধুরী, জামিল আহমেদ, মো. আসাদুজ্জামান ও মোহাম্মদ রাশেদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।