আইজিপির ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
আইজিপির বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে দাবি করে পুলিশ সদর দপ্তর জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে শব্দটি ব্যবহৃত হয়নি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া একটি বক্তব্যের ব্যাখ্যা প্রদান করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধনের সময় আইজিপির করা মন্তব্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই ব্যাখ্যা দেওয়া হলো।
বিজ্ঞাপন
সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আইজিপি মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতা বোঝাতে তিনি ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে শব্দটি উচ্চারণ করেননি।
পুলিশ সদর দপ্তরের ভাষ্যমতে, অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার ও জননিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশকে অনেক সময় অপরাধী ও সংঘবদ্ধ হামলাকারীদের আক্রমণের মুখোমুখি হতে হয়। ২০২৬ সালের প্রথম ১০ মাসে অপরাধী গ্রেপ্তার ও সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ সদস্য নিহত ও ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন।
ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়েছে, দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট ১৮৬১ অনুযায়ী পুলিশের আত্মরক্ষার অধিকার রয়েছে। এছাড়া সাংবাদিকদের নিয়ে আইজিপির করা মন্তব্য প্রসঙ্গে সদর দপ্তর জানিয়েছে, তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করতে চাননি এবং বিষয়টি অসাবধানতাবশত হয়েছে।