মাসরিকের স্বপ্নের সঙ্গী বন্ধুরা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থী মাহমুদ আল হাসান মাসরিককে এই সহায়তা দেওয়া হয়েছে
লালমনিরহাট জেলা প্রতিনিধি · লালমনিরহাট
প্রকাশ:
পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট বন্ধুসভা এক শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। ২৫ অক্টোবর দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ওই শিক্ষার্থীর হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
সহায়তা গ্রহণকারী শিক্ষার্থী মাহমুদ আল হাসান মাসরিক চলতি বছর লালমনিরহাটের দুরাকুঠি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছে। বর্তমানে সে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি হয়েছে। মাসরিকের বাবা এরশাদ আলী পেশায় অটোরিকশাচালক এবং মা মাজেদা বেগম একজন গৃহিণী।
আর্থিক সহায়তা পাওয়ার পর মাসরিকের বাবা এরশাদ আলী বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসারের খরচ নির্বাহ করি। ধারদেনা করে ছেলেকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করেছি। ভর্তিসহ আনুষঙ্গিক যে খরচ হয়েছে, টাকাটা পেয়ে খুব উপকার হলো।’ মাসরিকের মা মাজেদা বেগম জানান, ‘আল্লাহর কাছে দোয়া করি, এমন ভালো কাজ আরও বেশি বেশি করতে আপনাদের তৌফিক দান করুন।’ এছাড়া সহায়তা পেয়ে বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষার্থী মাসরিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার, সাবেক সভাপতি ও স্কুলশিক্ষক সাহেবর হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম এবং প্রতিনিধি আবদুর রব সুজন। সাহেবর হোসেন বলেন, ‘আমরা প্রথম আলো বন্ধুসভা করি কিছু পাওয়ার জন্য নয়, সমাজের মানুষের কল্যাণে ভালো কিছু করার জন্য। প্রাপ্তি বলতে মানসিক প্রশান্তি ও ভালো লাগা।’ সভাপতি ফারাহ নাজ নাহার বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বরাবরের মতো এ বছরও আমাদের সীমিত সামর্থ্যে একটি ভালো কাজ করতে পেরে ভালো লাগছে।’