ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ
সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ঢাকাসহ দেশের ২১ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। বিকেল ৪টা পর্যন্ত এই ২১ জেলার তাপপ্রবাহের রেকর্ড পাওয়া গেছে, তবে পরবর্তী সময়ে এই সংখ্যা কমতে বা বাড়তে পারে বলে সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
অধিদপ্তরের তথ্যমতে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টির ফলে সমুদ্র থেকে প্রচুর আর্দ্রতা সমতলে প্রবেশ করছে, যা গরমের প্রধান কারণ। তবে আজ অথবা আগামীকাল সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ জানান, খুলনা বিভাগসহ মোট ২১ জেলায় তাপপ্রবাহ চলছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তা মৃদু তাপপ্রবাহ হিসেবে গণ্য হয়। গতকালও রাজধানীসহ ১৪ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি থাকলেও একটানা ২৪ ঘণ্টা অতিক্রম না করায় তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি। আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা বিভাগের ৮টি জেলা ছাড়াও আজ চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ভোলা, সিলেট, মৌলভীবাজার, ফেনী ও ময়মনসিংহ জেলায় তাপপ্রবাহ বজায় রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, যা বুধবার দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাত থেকে উপকূলীয় অঞ্চলসহ ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কমাতে সহায়তা করবে।