ইউটিউবে অক্টোবরজুড়ে আলোচনায় থাকা পাঁচ নাটক
পারিবারিক টানাপোড়েন ও মধ্যবিত্ত জীবনের গল্পে ইউটিউবে জনপ্রিয় হয়েছে পাঁচটি ভিন্নধর্মী নাটক
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
অক্টোবর মাসজুড়ে ইউটিউবে সাড়া ফেলেছে বেশ কিছু নতুন নাটক। পারিবারিক টানাপোড়েন, প্রেম, আবেগ আর মধ্যবিত্ত জীবনের গল্প নিয়ে নির্মিত এসব নাটকের মধ্যে পাঁচটি নাটক দর্শকদের নজর কেড়েছে। অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো’ মুক্তির দুই দিনেই ভিউ কোটি ছাড়িয়েছে।
বিজ্ঞাপন
২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নিয়তি’। ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা অভিনীত এই নাটকটি এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ভিউ পেয়েছে। মুহাম্মদ মিফতাহ আনানের লেখা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রে রয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতা, বাবা-মায়ের সঙ্গে সন্তানের টানাপোড়েন, আদর্শের সংঘাত ও প্রেম। নাটকটি নিয়ে আলোচনার অন্যতম কারণ ইয়াশ–নীহা জুটির রসায়ন এবং তাদের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক।
আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল জুটির নতুন কাজ ‘মায়ারে’ প্রকাশ করেছে এলবিসি এন্টারটেইনমেন্ট। নাজ নাজমার রচনা ও সংলাপে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর। ১ অক্টোবর মুক্তির দুই দিনেই নাটকটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছিল এবং গতকাল পর্যন্ত এর ভিউ ৪৭ লাখ ৪৩ হাজার। নাটকের গল্পে রয়েছে তরুণ প্রজন্মের সম্পর্কের জটিলতা, আবেগ ও ভুল-বোঝাবুঝি। আরশ ও সুনেরাহর পর্দার রসায়ন গল্পটিকে আকর্ষণীয় করে তুলেছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।
২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তোমার ঠিকানায়’। সেরনিয়াবাত শাওনের রচনা ও পরিচালনায় এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। এটি মূলত পারিবারিক আবহ, ভালোবাসা ও আবেগের টানাপোড়েনের গল্প। খায়রুল বাসার ও সাদনিমার জুটির জনপ্রিয়তা এই নাটকের সাফল্যে ভূমিকা রেখেছে এবং গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৭৪ লাখ।
রোমান্টিক ঘরানার বাইরে গিয়ে ‘সংসারের বোঝা’ নাটকটি মধ্যবিত্ত পরিবারের জীবনকে সামনে এনেছে। ১ অক্টোবর জি-সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির রচয়িতা প্রত্যয় হাসান ও পরিচালক নাজমুল রনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা। গতকাল পর্যন্ত এটির ভিউ ১ কোটি ৪০ লাখ। নাটকটি নিয়ে বলা হয়, ‘মধ্যবিত্ত পরিবারের সদস্যদের অনেক সময় নিজেদের ইচ্ছার চেয়ে পরিবারের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হয়। অর্থনৈতিক চাপ, দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরের প্রতি প্রত্যাশা থেকে তৈরি হয় নানা সমস্যা। ‘সংসারের বোঝা’ সেই পরিচিত বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে।’ অনেক দর্শকই নাটকটির মধ্যে নিজের জীবনের অভিজ্ঞতা দেখতে পেয়েছেন।
বিজ্ঞাপন
ভালোবাসা, অভিমান, ভুল-বোঝাবুঝি ও বিশ্বাসের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ‘জোছনায় ফেরা’। ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৮ অক্টোবর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকের ভিউ ৬০ লাখ। অনেকেই নাটকটির সঙ্গে এই সময়ের নানা ঘটনার যোগ পেয়েছেন এবং সে জন্যই এতটা ভালো লেগেছে বলে অনেক দর্শক মন্তব্য করেছেন।