ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
ঢাকার বিশেষ জজ আদালত এই মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একই সঙ্গে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকেই ২২ জন পলাতক রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জন কারাগার থেকে আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া জামিনে থাকা দুজন আদালতে হাজিরা দিয়েছেন এবং মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় কারাগারে আটক থাকায় তাকে উপস্থিত করা হয়নি।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে এই ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জ গঠনের সময় আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যরা অব্যাহতি চেয়ে শুনানি করেন, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নাকচ করে দেন এবং উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। মামলার অন্য আসামিদের মধ্যে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে রয়েছেন।