রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তোলার ও ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার
জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁর দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
সিলেট জেলা প্রতিনিধি · সিলেট
প্রকাশ:
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা–পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা ওই রেস্তোরাঁর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত ও আটক করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে ওই তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের রেস্তোরাঁটিতে খেতে যান। সেখানে গোপনে তাঁদের ছবি তোলা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার ও হয়রানি চালানো হয়। ওই তরুণ অভিযোগ করেন, ফেসবুকের বিভিন্ন পেজে ছবিগুলো ছড়িয়ে দেওয়ায় দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তাঁরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, ভুক্তভোগী তরুণের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।