জাতীয় নাগরিক পার্টির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ: নেতৃত্বে রনি, মাহিন ও আরিফ
নতুন এই সংগঠনের আহ্বায়ক মাহিন সরকার, সদস্যসচিব জোবাইরুল হাসান আরিফ ও মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। দলের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় এই সংগঠনের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
নতুন এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন রনি। ঘোষিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় নারীশক্তি, জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় কৃষক শক্তি ও জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির পর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এটি যুক্ত হলো।
সংগঠনের আহ্বায়ক মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সদস্যসচিব জোবাইরুল হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে পরিচিতি পান। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করেন তিনি। ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টার বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছিলেন তিনি। গত এপ্রিলে মহিউদ্দিন রনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।