সুনামগঞ্জে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে
অভিযুক্ত ব্যক্তি আগেই ভুয়া ফেসবুক আইডি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · তাহিরপুর, সুনামগঞ্জ
প্রকাশ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি গ্রাম থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে ৪০ বছর বয়সী এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। এর আগে সকালে ওই যুবক নিজের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকর পোস্ট দেওয়া হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বেলা আড়াইটার দিকে পুলিশ ওই যুবককে নিয়ে আসার সময় কিছু ব্যক্তি ঢিল ছোড়েন, তবে পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল জানান, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে। তিনি আরও বলেন, “গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ কথা বলেছে, যাতে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গ্রামে পুলিশ আছে। পরিবেশও শান্ত আছে।”
পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও মেহেদী হাসান গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছেন। জুনাব আলী বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যাকে ধরা হয়েছে তিনি অপরাধী হলে শাস্তি পাবেন। গ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
জিডিতে ওই যুবক উল্লেখ করেছিলেন, তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। ওই আইডি থেকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে বলে তিনি আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন।