‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলে এসি ল্যান্ড প্রত্যাহার
সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · জামালগঞ্জ, সুনামগঞ্জ
প্রকাশ:
সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার বিকেলে কার্যালয়টির সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মো. আরিফুর রহমান তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’। এই পোস্টের পর পুলিশসহ স্থানীয়রা তাঁর বাসায় ছুটে যান। গভীর রাতে তাঁকে জামালগঞ্জ থেকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে ঢাকায় নিয়ে যান।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, তাঁরা নিয়মিত আরিফুরের খোঁজ রাখছেন। আরিফুর দুই মাস ধরে জামালগঞ্জে এসি ল্যান্ডের দায়িত্ব পালন করছেন এবং স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকতেন।
ইউএনও শিল্পী রানী মোদক ঘটনার বর্ণনা দিয়ে জানান, শুক্রবার তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসি ল্যান্ড স্ত্রীসহ উপস্থিত ছিলেন। বাসা থেকে বের হওয়ার পরই তিনি ফেসবুকে পোস্ট দেন। ইউএনও আরও দাবি করেন, ঘটনার আগে এসি ল্যান্ড সেখানে থাকা আনসার সদস্যকে মারধর করেন এবং ঘরের গ্লাস ভাঙেন।