মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা, কারাদণ্ড
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড পেয়েছেন মাদকাসক্ত তোফায়েল আহমেদ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ
প্রকাশ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা খোকা মিয়া। সোমবার দুপুরে স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ছেলেকে আটক করেন তিনি। পরে প্রশাসন ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তোফায়েল আহমেদ (২৬) তার দোষ স্বীকার করেন। আদালতের কাছে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে তাদেরও শাস্তির দাবি জানান। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তোফায়েলকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার। এ সময় তোফায়েলের বাবা খোকা মিয়াসহ এলাকার লোকজন সেখানে উপস্থিত ছিলেন।
ইউএনও সকিনা আক্তার জানান, মাদকসেবী ছেলের যন্ত্রণায় পরিবারটি অতিষ্ঠ ছিল। তিনি আরও বলেন, শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায় জড়িতদেরও আইনের আওতায় আনতে হবে।
ছেলের এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিলেন জানিয়ে তোফায়েল আহমদের বাবা খোকা মিয়া বলেন, ‘আমি বাধ্য হয়েই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’