আওয়ামী সন্ত্রাস বাড়লে গৃহযুদ্ধের আশঙ্কা এবি পার্টির চেয়ারম্যানের
সুনামগঞ্জে এবি যুব পার্টির জেলা কমিটি গঠন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · সুনামগঞ্জ
প্রকাশ:
আওয়ামী লীগের সন্ত্রাসবাদের মাত্রা আরও বৃদ্ধি পেলে এবং সরকার তা আইনগতভাবে মোকাবিলায় ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দলটির সহযোগী সংগঠন এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বিজ্ঞাপন
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘দেশে যদি গৃহযুদ্ধ বাধে, তাহলে তার দায় বর্তমান সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে বহন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘গাড়ি-বাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে যারা বলে, আমরা আবার রাজনীতিতে ফিরব, তাদের বোঝা উচিত, জনগণকে নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ করার কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।’ এ সময় তিনি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টির সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ তালহা আলম। প্রধান বক্তা ছিলেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসির।
অনুষ্ঠানে সুজন আহমদকে আহ্বায়ক ও আক্তার হুসেনকে সদস্যসচিব করে এবি যুব পার্টির সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।