সুনামগঞ্জে ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে বন্ধুসভার পাঠচক্র
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ পাঠচক্রে বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · সুনামগঞ্জ
প্রকাশ:
পল্লিকবি জসীমউদ্দীনের কালজয়ী কাব্যোপন্যাস ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে পাঠচক্র করেছে সুনামগঞ্জ বন্ধুসভা। ৩১ অক্টোবর শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পাঠচক্রে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাধারণ সম্পাদক তাজকিরা হক, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রদীপ কুমার পাল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাছিফ আজিজ চৌধুরী এবং বন্ধু আরিফুল ইসলাম, সাফওয়ান হাসান, তাসনিম নিগার ও অনিক দাস।
বিজ্ঞাপন
১৯৩৩ সালে প্রকাশিত এই কাব্যোপন্যাসটি গ্রামবাংলার প্রকৃতি, লোকজ সংস্কৃতি, সামাজিক বাস্তবতা, মানুষের পারস্পরিক সম্পর্ক এবং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য সাহিত্যিক উপস্থাপন। বইটিতে নদী, খাল, বিল, সবুজ মাঠ, ফসলের খেত, গাছপালা, পাখির ডাক ও মেঠোপথসহ গ্রামীণ জনপদের জীবন্ত চিত্র ফুটে উঠেছে। প্রকৃতি এখানে কেবল সৌন্দর্যের উপাদান নয়, বরং মানুষের জীবন, অনুভূতি ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিত্রিত হয়েছে।
কাব্যোপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে সোজন ও দুলীকে ঘিরে। ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার কারণে তাদের ভালোবাসার সম্পর্কটি তৎকালীন সমাজব্যবস্থার ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িক সংকীর্ণতার মুখে প্রতিবন্ধকতার শিকার হয়। লেখক এই সম্পর্কের মধ্য দিয়ে দুটি মানুষের আবেগের পাশাপাশি সমাজের অসংগতি ও বিভাজনের বাস্তব চিত্র তুলে ধরেছেন।
বইটিতে হিন্দু-মুসলমানের পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির চিত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে ফুটে উঠেছে। দুই সম্প্রদায়ের মানুষের একে অপরের উৎসব-পার্বণে অংশগ্রহণ ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার বিষয়টি লেখক স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন। ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিক সম্পর্কই এখানে প্রাধান্য পেয়েছে, যা বর্তমান সময়ের সামাজিক বাস্তবতায়ও অত্যন্ত প্রাসঙ্গিক।
জসীমউদ্দীন তাঁর এই সাহিত্যকর্মে এমন এক গ্রামীণ সমাজের চিত্র এঁকেছেন, যেখানে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানবিক সম্পর্ক সমান গুরুত্ব পেয়েছে। মানুষের মধ্যে বিভেদের চেয়ে সম্প্রীতি ও সহমর্মিতাই যে সমাজকে সুন্দর করে তুলতে পারে, বইটি সেই বার্তাই দেয়। এছাড়া লেখকের ভাষা, ছন্দ, উপমা ও আঞ্চলিক শব্দের ব্যবহার কাব্যোপন্যাসটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে।
বিজ্ঞাপন
গ্রামীণ মানুষের মুখের ভাষা ও লোকজ সংস্কৃতিকে সাহিত্যে তুলে ধরার ক্ষেত্রে জসীমউদ্দীনের দক্ষতা অনস্বীকার্য। তিনি শুধু গ্রামীণ জীবনের সৌন্দর্যই নয়, বরং দারিদ্র্য, সামাজিক অবস্থান, জীবনসংগ্রাম, শ্রেণিগত বৈষম্য ও নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন। ফলে বইটিতে গ্রামবাংলার যে চিত্র ফুটে উঠেছে, তা বাস্তব জীবনের নানা অনুষঙ্গে সমৃদ্ধ একটি সমাজের প্রতিচ্ছবি।