সুনামগঞ্জে আগুনে ১৩ পরিবারের বসতঘর পুড়ে ছাই
সোমবার রাতে দিরাই উপজেলার জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · দিরাই, সুনামগঞ্জ
প্রকাশ:
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। সোমবার রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
গ্রামের বাসিন্দা রমা কান্ত দাস জানান, ঘরগুলো একে অপরের সঙ্গে লাগানো থাকায় একটি ঘরে আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, মানুষ চেষ্টা করেও রক্ষা করতে পারেননি। আসবাব ও কাপড়চোপড়ের সঙ্গে অনেকের ধানও পুড়ে গেছে। ঘরগুলোর ওপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত জেলে ধীরেন্দ্র দাস বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। হাওরে মাছ ধরি। কোনোরকমে খাইয়া–না খাইয়া দিন যায়। এখন ঘরদুয়ার সব পুড়ি গেছে। সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না।’
সরমঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খুবই দরিদ্র। তাদের মধ্যে কেউ জেলে আবার কেউ কৃষক পেশার মানুষ।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে।