সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক কারাগারে
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টের অভিযোগে তাহিরপুর থেকে আটক করা হয় ওই ব্যক্তিকে
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি · তাহিরপুর, সুনামগঞ্জ
প্রকাশ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ৪০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটকের পর রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়া হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় কিছু কিশোর ও তরুণ ঢিল ছোড়ে এবং তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
গ্রেপ্তার ওই যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমদ জানান, তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তবে অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে।
এদিকে ওই যুবকের দাবি, যে ফেসবুক আইডি থেকে পোস্টটি দেওয়া হয়েছে সেটি ভুয়া। নিজের ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার বিষয়ে তিনি আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যান তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী ও মেহেদী হাসানসহ স্থানীয় নেতারা। তাঁরা এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে শান্ত থাকার আহ্বান জানান।