সারা দেশে আজ পালিত হচ্ছে লক্ষ্মীপূজা
শারদীয় দুর্গাপূজা পরবর্তী প্রথম পূর্ণিমা তিথিতে উদযাপিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা শেষ হওয়ার পর প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়, যা কোজাগরী লক্ষ্মীপূজা হিসেবেও পরিচিত।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সহকারী সেবায়েত রুবেল চক্রবর্তী জানান, নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকা অনুযায়ী আজ রোববার সকাল ১১টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ড থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। এই তিথি আগামীকাল সোমবার সকাল ১০টা ১৮ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ের মধ্যেই হিন্দু ধর্মাবলম্বীরা লক্ষ্মীপূজা উদ্যাপন করবেন।
শাস্ত্রীয় মত অনুযায়ী, দেবী লক্ষ্মী ধনসম্পদ, সৌভাগ্য, জ্ঞান, সৌন্দর্য, উন্নতি, উর্বরতা, দানশীলতা ও সাহসের প্রতীক। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মানুষের ঘরে ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন।
মন্দিরের পাশাপাশি দেশের প্রতিটি হিন্দু পরিবারে আজ লক্ষ্মীপূজা পালন করা হচ্ছে। এ উপলক্ষে নারীরা মূলত উপবাসব্রত পালন করছেন এবং ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা দিচ্ছেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ঘরোয়া পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হবে।