আজ শুভ প্রবারণা পূর্ণিমা
তিন মাসের বর্ষাবাস শেষে আজ নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ রোববার। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে বৌদ্ধধর্মাবলম্বীরা এই উৎসব পালন করে থাকেন। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমা পালনের মাধ্যমে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় জানান, ভগবান বুদ্ধ ভিক্ষু ও অনুসারীদের তিন মাস সাধনা করার নির্দেশ দিয়েছিলেন। সেই নিয়ম মেনে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তাঁরা বর্ষাব্রত পালন করেন, যার পরিসমাপ্তি ঘটে প্রবারণা পূর্ণিমায়। রাজধানীসহ সারা দেশে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।
রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের তথ্যমতে, এই তিথিতে ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটছে এবং আগামীকাল সোমবার থেকে মাসব্যাপী কঠিন চীবর দান শুরু হবে। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন তাদের আন্তর্জাতিক বৌদ্ধবিহার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ফেডারেশনের সূচি অনুযায়ী, আজ ভোর সাড়ে ৫টায় সমবেত প্রভাতি বন্দনা এবং সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষুসংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বুদ্ধপূজা, শীল গ্রহণ ও মহাসংঘদান অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টা ৫ মিনিটে ভিক্ষুসংঘের পিণ্ডদান করা হয়।
দিনের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৪টা ১ মিনিটে পবিত্র ত্রিপিটক থেকে সূত্র পাঠ এবং ৪টা ২০ মিনিটে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা। সন্ধ্যা ৬টায় শীল গ্রহণ, আলোকসজ্জা ও ফানুসবাতি উৎসর্গ করা হবে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ফানুস উৎসবের আয়োজন করা হয়েছে।