জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে
নতুন ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দীন
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
মিরপুরের একাডেমি মাঠে আজ সকালেও ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন ও সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজ করতে দেখা গেলেও রাতেই তাকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে। সাবেক এই অধিনায়ককে বিসিবির অন্য কোনো দায়িত্বে নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নতুন সেই দায়িত্ব সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। যদিও ঠিক কী কারণে এই পরিবর্তন আনা হয়েছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি বিসিবি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটিং তীব্র সমালোচনার মুখে পড়েছিল এবং ধারণা করা হচ্ছে, সেটিরই দায় চোকাতে হলো আশরাফুলকে।
আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভালের দায়িত্ব সালাহউদ্দীনের ওপর থাকলেও তাকে স্থায়ীভাবে এই পদে রাখা হচ্ছে না। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিদেশি কোনো কোচ দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচের দায়িত্ব নিতে পারেন।