হানিফসহ চারজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বৃহস্পতিবার
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। হানিফসহ মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১০ জুন মামলাটি যেকোনো দিন রায় ঘোষণার জন্য রেখেছিলেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে প্রসিকিউশন নতুন কিছু সাক্ষী ও নথিপত্র হাজির করলে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। গত ৭ অক্টোবর যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল, যা আজ বৃহস্পতিবার ঘোষণার আদেশ দেওয়া হলো।