শপথ নিলেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন দুই সংসদ সদস্য শপথ নিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য এলিজা জামানকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় দুপুর ১২টায় এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হলে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই উপনির্বাচনে জয়ী হন জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমীন।
অন্যদিকে, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। সেই শূন্য আসনে নির্বাচিত হন এলিজা জামান।