স্কুল মিল কর্মসূচির অর্থ সংগ্রহে র্যাম্পে ১৭ দেশের কূটনীতিক
থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো থেকে পাওয়া অর্থ ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশের স্কুলশিশুদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় আয়োজিত হয়েছে ‘থ্রাইভ বেনিফিট ফ্যাশন শো’। গত ৩০ অক্টোবর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ১৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা র্যাম্পে হেঁটেছেন। এই আয়োজনের মাধ্যমে সংগৃহীত অর্থ থ্রাইভ বাংলাদেশের স্কুল মিল কর্মসূচিতে ব্যয় করা হবে।
বিজ্ঞাপন
২০১২ সালে প্রিসিলা পেরি হেফেলফিঙ্গার, জিনা গ্যাবেল ও রেজিনা ল্যান্ডরের উদ্যোগে থ্রাইভ বাংলাদেশ অলাভজনক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির মূল লক্ষ্য হলো, ক্ষুধার্ত অবস্থায় কোনো শিশুর যেন পড়াশোনা ব্যাহত না হয়। বর্তমানে সংস্থাটি তাদের ১৩টি অংশীদার স্কুলের শিশুদের প্রতিদিন তাজা ফল, শাকসবজি, ডিম, দুধ ও প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহ করছে এবং নতুন স্কুলগুলোকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, “সরকার দেশজুড়ে স্কুল মিল কর্মসূচি সম্প্রসারণে কাজ করছে। শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়াতে থ্রাইভ বাংলাদেশের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্ষুধার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হওয়া উচিত নয়।”
থ্রাইভ বাংলাদেশের চেয়ার আমনা রহমান জানান, এই অনুষ্ঠানের প্রতিটি টিকিট ও প্রতিশ্রুত অনুদান সরাসরি শিশুদের খাবারের ব্যবস্থা করতে ব্যয় হবে। এছাড়া ডেপুটি চেয়ার কানওয়াল বকশি ভগত জানান, পুষ্টিকর খাবার সরবরাহ শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শিক্ষার সুযোগ কাজে লাগাতে সহায়তা করছে। আরেক ডেপুটি চেয়ার সাদিয়া মঈন আশা প্রকাশ করেন যে, এই খাবার শিশুর সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।
আয়োজনটি বাস্তবায়নে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও তাঁর স্ত্রী ফিলিপা উড নেতৃত্ব ও সহযোগিতা দিয়েছেন। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার জানান, এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তারা আনন্দিত এবং এটি ঢাকায় একটি অর্থবহ বার্ষিক আয়োজনে পরিণত হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে করতোয়া গ্রিন স্পিনিং মিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, অ্যাজাইল মাইন্ডস সলিউশন লিমিটেড, র্যানকন, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল ও নেসলে বাংলাদেশ পিএলসি। এতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান, করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দাতা অতিথিরা উপস্থিত ছিলেন।