তাহসিফ সাউরি মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যু রহস্য উন্মোচনে কাজ করছে নৌ পুলিশ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার দীপ ও এক তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা বর্তমানে নৌ পুলিশের হেফাজতে চার দিন করে রিমান্ডে আছেন। নৌ পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার আজ সোমবার জানান, দীপ ও তরুণীর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজ্ঞাপন
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন তাহসিফ। এরপর তাহসিফ ওই তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান এবং সেখানে দীপও উপস্থিত ছিলেন। সেই বারে তাহসিফের সঙ্গে ওই তরুণীর মনোমালিন্য হয়। ঘণ্টাখানেক পর বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন। দীপের দেওয়া এই তথ্যের সত্যতা যাচাই করতে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তাহসিফের মৃত্যু নিয়ে নৌ পুলিশের কাছে বিভিন্ন তথ্য আসছে এবং পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অনেকে টঙ্গীর মাজার রোড বস্তিতে ঘোরাঘুরি করা ভিডিও নৌ পুলিশকে দিয়েছেন, যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীপের দাবি, পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাহসিফ ও দীপ দুদিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পিলারের কাছে গিয়ে লুকান। পরে দুই পুলিশ সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাহসিফের সঙ্গে এসেছেন বলে জানান। এরপর পুলিশ সদস্যরা আর কথা না বাড়িয়ে তাঁকে চলে যেতে বলেন।
এরপর তাহসিফের সঙ্গে আর দেখা হয়নি বলে দাবি করেন দীপ। তবে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে ভয়েস বার্তা পাঠিয়ে বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’ এছাড়া রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তাঁদের ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে জানান যে তাঁর আসতে দেরি হবে। দীপ রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, টঙ্গীর মাজার রোড বস্তি এলাকায় ওই সময় আট পুলিশের সদস্যের একটি টহল দল ছিল এবং তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহ উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। পিবিআই জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে দীপকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের বলে নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
এরপর তাহসিফের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে নৌ পুলিশ তদন্ত করছে। পরিবারের তরফে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও ঘটনায় তাহসিফের সঙ্গে থেকে আলোচনায় আসা দীপকে গ্রেপ্তার দেখানো হয় এবং গত শনিবার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে মিরপুর ১৪ নম্বর থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। আজ ওই তরুণীর রিমান্ডের প্রথম দিন এবং দীপের রিমান্ডের দ্বিতীয় দিন চলছে।