বুলগেরিয়ার নির্বাচনে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা নেই, দ্বিতীয় দফার ভোট ১ নভেম্বর
আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইলিয়ানা ইয়োতোভা ও আন্দ্রেই গিউরভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বুলগেরিয়ায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় এবং ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রথম দফায় জয়ী হতে নিবন্ধিত ভোটারদের ৫০ শতাংশের বেশি ভোট দিতে হয় এবং কোনো প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয়। মেজার নামের একটি জনমত জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ১৮:০০টা) পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ২২ দশমিক ২ শতাংশ।
বুথফেরত জরিপের ফলাফল অনুযায়ী, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফার ভোটে এই দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুলগেরিয়ার ন্যাশনাল টেলিভিশনের খবরে স্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভের বরাত দিয়ে জানানো হয়, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট কেনাবেচা বা কারচুপির মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবার ঘটেনি। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ বুলগেরিয়ার এবারের নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারের সময় জ্বালানির ক্রমবর্ধমান দাম, মূল্যস্ফীতি, কৃষ্ণসাগরে হামলা এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ছিল প্রধান আলোচ্য বিষয়। এছাড়া বুলগেরিয়া উপকূলের অদূরে জাহাজে ড্রোন হামলার ঘটনাগুলোও বেশ গুরুত্ব পেয়েছে, যার নিন্দা জানিয়েছেন প্রধান দুই প্রার্থী।