পদুচেরি উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে বুধবার ভোররাত থেকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গতি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করা শুরু করে। বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে এর আঘাত শুরু হয় এবং ঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা দিয়ে অগ্রসর হচ্ছে।
বিজ্ঞাপন
আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ‘অর্ণব’ এখন একটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়ে’ রূপ নিয়েছে। আগামী তিন ঘণ্টার মধ্যে ঝড়টি উপকূলে পুরোপুরি আছড়ে পড়বে এবং পরবর্তী তিন ঘণ্টা এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ঝড়ের অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া বইছে।
দুর্যোগ মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানান, রাজ্যে ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, “ঝড়ের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়।”
নিরাপত্তা নিশ্চিত করতে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ সতর্কতার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ২ হাজার ৩৬০ জন অন্তঃসত্ত্বা নারীকে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন উপকূলীয় বাসিন্দাদের দুর্যোগ চলাকালে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও পড়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।