বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, শেকৃবি শিক্ষার্থীদের গাড়ি ও যন্ত্রাংশ নিয়ে বিক্ষোভ
পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাটির গুণাগুণ পরীক্ষার যন্ত্র ও দুটি গাড়ি নিয়ে গেছেন শিক্ষার্থীরা
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে মাঠটিতে মাটির গুণাগুণ পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ চলার সময় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তারা মাঠটিতে চলমান কার্যক্রম বন্ধ করে মাটি পরীক্ষার যন্ত্রাংশ এবং দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবি, এই মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি এবং গবেষণাকাজের জন্য এটি তাদের ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তারা ‘শেকৃবিয়ানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘সচিবালয় না শেকৃবি, শেকৃবি শেকৃবি’ ও ‘টেক ব্যাক টেক ব্যাক’ স্লোগান দেন। আন্দোলনের অংশ হিসেবে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন এবং বুধবার কালো পতাকা নিয়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
আন্দোলনের নেতৃত্বদানকারীদের একজন আশিক আহমেদ বলেন, ‘এই জায়গাটি আগেও বিশ্ববিদ্যালয়ের নামে ছিল। কিন্তু সরকার এখানে সচিবালয় স্থানান্তরের কাজ করছে। আমরা এটি চাই না। এই মাঠ বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে। আমাদের দাবি এটাই।’ তিনি আরও জানান, যারা কাজ করছিলেন তারা যন্ত্র ও গাড়ি ফেরত নিতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে মাঠ উদ্ধারে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক অধ্যাপক এম সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা দ্রুত সিন্ডিকেট সভা আয়োজনের দাবি জানিয়েছেন এবং প্রয়োজনে আদালতে যাওয়ার বিষয়েও ভাবছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এটি শিক্ষার্থীদের নিজস্ব কর্মসূচি। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বাণিজ্য মেলার মাঠ থেকে মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ও দুটি গাড়ি ক্যাম্পাসে নিয়ে এসেছেন, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পেরেছে।’ তিনি আরও জানান, সরঞ্জামগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে তারা সতর্ক আছেন এবং পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায় সেই চেষ্টা করছেন।