বিএসসিপিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক তারঘীবুল ইসলাম
এর আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারঘীবুল ইসলাম। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস (টেলিকম) ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা দেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল অপারেটর হিসেবে পরিচিত বিএসসিপিএলসির হাল ধরলেন।
বিজ্ঞাপন
বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারঘীবুল ইসলাম এর আগে টেলিটক বাংলাদেশ লিমিটেডে কোম্পানি সচিব, করপোরেট কৌশল ও নেটওয়ার্ক পরিকল্পনাসহ নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নব্বইয়ের দশকের শেষভাগে একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরে সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে তাঁর কর্মজীবনের সূচনা হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি টেলিযোগাযোগ নীতি, প্রকল্প ব্যবস্থাপনা, করপোরেট কৌশল এবং মোবাইল ও টেরেস্ট্রিয়াল টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিয়ে কাজ করেছেন।
তারঘীবুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদ লাভ করেছেন।