জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ পাঁচজনকে আত্মসমর্পণের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়কে একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এই মামলায় মোট আটজন আসামির মধ্যে তিনজন বর্তমানে কারাগারে আছেন। তারা হলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
বাকি পাঁচ আসামি এখনো গ্রেপ্তার হননি। তারা হলেন মুহম্মদ জাফর ইকবাল, এ এস এম মাকসুদ কামাল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন। আগামী ১২ নভেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।