নিউগিনি প্রোপার্টিজ ভাঙচুর মামলায় মিজানুর রহমান ও বিকাশ চন্দ্রের জামিন মঞ্জুর
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত প্রকল্পের কার্যালয় ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এই আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মো. মিজানুর রহমান এবং বিকাশ চন্দ্র সরকারের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার বিবরণ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও এর আশপাশের স্থাপনায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ কয়েকটি বাড়ি ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। ২৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয় এবং ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
অপর আসামি বিকাশ চন্দ্র সরকারকে ৪ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) মাগুরা থেকে গ্রেপ্তার করে। রিমান্ড শেষে তাঁকেও কারাগারে পাঠানো হয়েছিল। সোমবার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উপস্থিত ছিল।