বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানার জন্য তদন্ত কমিটি
মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
দেশের বড় একটি অঞ্চলে মঙ্গলবার বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড পিএলসি। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঞ্চালন-২–এর প্রধান প্রকৌশলী (অতি. দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ বিপর্যয়ের ফলে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড পিএলসি জানায়, প্রায় দুই ঘণ্টা পর বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করা শুরু হয় এবং ধাপে ধাপে সরবরাহ স্বাভাবিক করার কাজ চলছে। বর্তমানে জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে।
এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর বেলা ২টা ৫ মিনিটে পূর্বাঞ্চলীয় গ্রিডে বিপর্যয় ঘটেছিল, যাতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এছাড়া ২০১৪ সালের ১ নভেম্বর জাতীয় গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণে সারা দেশে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।