ইসরায়েলের নির্বাচনে পিছিয়ে নেতানিয়াহুর জোট
দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপে বিরোধী জোটের এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই দেশটির প্রধান তিনটি টেলিভিশন চ্যানেলের বুথফেরত জরিপ বা এক্সিট পোল প্রকাশ করা হয়। জরিপের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের চেয়ে পিছিয়ে রয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বেসরকারি সম্প্রচারমাধ্যম ‘চ্যানেল ১২’ ও ‘চ্যানেল ১৩’-এর জরিপ অনুযায়ী, ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর জোট ৫০টি আসন পেতে পারে, যেখানে তাদের আগের আসন সংখ্যা ছিল ৬৮টি। যদিও একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে তারা অনেক দূরে রয়েছে। এর ফলে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থী ও ইহুদিবাদী বিরোধী জোট ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারে বলে জরিপে উঠে এসেছে। এর মধ্যে কান ও চ্যানেল ১৩-এর মতে ৫৩টি এবং চ্যানেল ১২-এর মতে ৫২টি আসন পেতে যাচ্ছে তারা। এছাড়া আরব দলগুলোর মোর্চা জয়েন্ট লিস্ট ও আরবদের আরেক দল ‘রা'আম’ মিলে ১৭ থেকে ১৮টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এক বিবৃতিতে দাবি করেন, ‘কাউকে আপনাদের বিভ্রান্ত করতে দেবেন না: নেতানিয়াহুর ব্লক বিপর্যয়কর পরাজয় বরণ করেছে। পুরোপুরি ধস নেমেছে এবং জনগণ তাদের ঘরে ঢুকে যেতে বলেছে।’