মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
৭৪ বছর বয়সে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে মারা গেছেন ইউলালিয়া মারজেত্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি তাঁর মাকে হারিয়েছেন। গতকাল আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এবং কোচ ও তাঁর পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
ইউলালিয়া মারজেত্তি বেশ কয়েক বছর ধরেই শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পুজাতো শহরেই তিনি তাঁর স্বামী আনহেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে বসবাস করতেন। স্থানীয়ভাবে পরিচিত মারজেত্তি একসময় সেখানকার শান্তি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের তিন সন্তান লিওনেল, মাউরো ও কোরিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, পারিবারিক পরিসরেই তাঁকে শেষবিদায় জানানো হবে।
২০২১ সালের ১০ জুলাই মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর স্কালোনি এই জয় মাকে উৎসর্গ করেছিলেন। সেদিন তিনি বলেছিলেন, ‘এই জয়টা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তাঁর বেশ গুরুতর শারীরিক সমস্যা হয়েছিল। তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠার লড়াই করছেন।’ এর প্রায় পাঁচ বছর পর সেই লড়াই থেমে গেল।
মায়ের অসুস্থতা নিয়ে স্কালোনির দুশ্চিন্তা অনেক পুরোনো। ২০২১ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ম্যাচের পর স্কালোনি প্রকাশ্যেই উদ্বেগ জানিয়ে বলেছিলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’ তখন বিশ্বকাপের পথে এগিয়ে থাকলেও ফুটবল মাঠের সাফল্যের চেয়ে মায়ের সুস্থতা তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
কোচ হিসেবে স্কালোনি ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, একই বছর কাতারে বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তিনি স্থায়ীভাবে নিজের নাম লিখিয়েছেন। তবে ফুটবলের সব অর্জন যে জীবনের শূন্যতা পূরণ করতে পারে না, সেটিই এখন প্রমাণিত হলো। মারাকানার সেই রাতে যে মায়ের জন্য শিরোপা উৎসর্গ করেছিলেন, সেই মা আজ নেই। বিশ্বজয়ী কোচের জীবনে এবার এমন এক হার, যার কোনো ফিরতি ম্যাচ নেই।