আঙুলের চোট সত্ত্বেও মুশফিক সিলেট টেস্টে খেলবেন
চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস, তবে মুশফিকের বদলে খেলছেন তাওহিদ হৃদয়
খেলা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের আগে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে মুশফিকুর রহিমের ইনজুরি। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বল লাগলে চোট পান এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যথায় কাতর মুশফিক তাৎক্ষণিকভাবে মিরপুরের একাডেমি মাঠে প্রায় আধা ঘণ্টা শুশ্রূষা নেন এবং পরে হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।
বিজ্ঞাপন
আজ সকাল পর্যন্ত আঙুলের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে একাদশে রাখা সম্ভব হয়নি। মুশফিকের জায়গায় আজ থেকে শুরু হওয়া এই ম্যাচে খেলছেন তাওহিদ হৃদয়। তবে দলে স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।
জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানান, মুশফিকের আঙুলে কনটিউশন বা থেঁতলে যাওয়ার মতো ইনজুরি হয়েছে। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
আগামী ৫ নভেম্বর সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।